সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত, ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ ও মাদ্রাসার সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনা হচ্ছে। এ সুবিধা পেতে নতুন উপবৃত্তি প্রত্যাশী ছাত্রীদের ব্যাংক হিসাব খোলা এবং অভিভাবকের তথ্য দেওয়াসহ কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
প্রদত্ত তথ্যে বলা হয়েছে, উপবৃত্তির অর্থ শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি পাঠানো হবে। সরকার থেকে ব্যক্তির কাছে অর্থ পৌঁছানোর এ পদ্ধতিকে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) বলা হয়।
গত ১৮ নভেম্বর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ বিষয়ে নির্দেশনা জারি করেন বলে কপিতে উল্লেখ রয়েছে। নির্দেশনা অনুযায়ী, যেসব ছাত্রী আগে থেকেই উপবৃত্তি পাচ্ছে অথবা যাদের তথ্য এইচএসপি-এমআইএসে (HSP-MIS) অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক হিসাব খুলতে হবে না। তবে যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, তাদের নিজের নামে অথবা অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।
অভিভাবক হিসেবে প্রথমে বাবা বা মায়ের নাম ব্যবহার করতে হবে। বাবা-মা দুজনই মারা গেলে ভাই-বোন, দাদা-দাদি অথবা নানা-নানির নামে হিসাব খোলার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে নির্ধারিত অভিভাবকের তথ্য দিয়ে উপবৃত্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা নিতে চাইলে অন্তত একজন বাবা বা মাকে জীবিত থাকতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকের নামে নিবন্ধিত সিম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাব ব্যবহার করতে হবে। সিম এবং মোবাইল ব্যাংকিং হিসাব একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে সংযুক্ত থাকতে হবে। পাশাপাশি নির্ধারিত কেওয়াইসি (KYC) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।
যেসব ছাত্রীর বাবা-মা কেউই জীবিত নেই এবং নির্দেশনায় উল্লেখ করা বিকল্প অভিভাবকদেরও পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো অভিভাবকের বিষয়ে প্রত্যয়ন দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে শুধু শিক্ষার্থীর নিজের নামে থাকা স্কুল ব্যাংকিং হিসাব ব্যবহার করা যাবে।
স্কুল ব্যাংকিং হিসাব অবশ্যই শিক্ষার্থীর নিজের নামে হতে হবে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে হিসাবটি স্থগিত হয়ে যাবে। এরপর হিসাব চালু রাখতে শিক্ষার্থীকে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে প্রয়োজনীয় হালনাগাদ করতে হবে।
নির্দেশনায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে উপবৃত্তি কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়েও বলা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদন এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে ইআইআইএন (EIIN) পাওয়া প্রতিষ্ঠানগুলো এ জন্য আবেদন করতে পারবে। আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের কাছে পাঠাতে হবে।
এইচএসপি-এমআইএসে নতুন পাসওয়ার্ড তৈরি বা অ্যাকাউন্ট সক্রিয় করার ক্ষেত্রে ‘Forgot Password’ অপশন ব্যবহার করতে বলা হয়েছে। এ ছাড়া উপবৃত্তি সংক্রান্ত কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ঠিকানায় যোগাযোগ করা যাবে।
উপবৃত্তির আওতায় আসতে ছাত্রী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং এবং প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। বিশেষ করে নতুন উপবৃত্তি প্রত্যাশীদের হিসাব খোলার আগে অভিভাবকসংক্রান্ত শর্তগুলো জেনে নেওয়া জরুরি।


