Sunday, November 22, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্সএনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়াচাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনাপাকিস্তানে কমল পেট্রোলের দামশীতের ছোঁয়ায় বদলে যাচ্ছে নোবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে অন্যরকম আমেজরিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির
জাতীয়

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের নতুন বেতন ঘোষণা

Daily Morning Times ডেস্ক Published: November 21, 2026, 8:14 PM

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। আগে এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা। ফলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা।

গত সপ্তাহে চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন কাঠামো অনুযায়ী, শিক্ষানবিশ শ্রমিক ও কর্মচারীদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা।

জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে এ খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। কয়েকটি সভা শেষে গত আগস্টে বোর্ড মজুরিকাঠামো চূড়ান্ত করে। নতুন কাঠামো অনুযায়ী, প্রতিবছর মজুরি বাড়বে ৫ শতাংশ। এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল।

নতুন কাঠামোয় শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের ন্যূনতম মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এ মজুরির মধ্যে মূল বেতন ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা।

পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮৫ টাকা। চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটররা পাবেন ১৪ হাজার ৪০৫ টাকা। তৃতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা।

এ ছাড়া প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদে কর্মরত শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা। শ্রমিকদের সব গ্রেডে চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে ২ হাজার ৯০০ টাকা একই হারে নির্ধারণ করা হয়েছে।

কর্মচারীদের জন্য রাখা হয়েছে চারটি গ্রেড। এর মধ্যে নিম্নতম গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এ মজুরির মধ্যে মূল বেতন ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। এ ছাড়া শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা পাবেন।

কর্মচারীদের তৃতীয় গ্রেডের মাসিক মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডে ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষানবিশ শ্রমিক ও কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল হবে তিন মাস। প্রয়োজনে মালিকপক্ষ এ সময় বাড়াতে পারবে।

জানা গেছে, দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা রয়েছে। এসব কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ প্রথমে ন্যূনতম সাড়ে ১২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। বিপরীতে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা।

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান জানান, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করে সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী নতুন মজুরি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন। তাঁর মতে, বর্তমান বাজারদরের সঙ্গে নির্ধারিত মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই শ্রমিকপক্ষ প্রথমে তুলনামূলক কম মজুরির প্রস্তাব দিয়েছিল।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *