Sunday, November 22, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্সএনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়াচাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনাপাকিস্তানে কমল পেট্রোলের দামশীতের ছোঁয়ায় বদলে যাচ্ছে নোবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে অন্যরকম আমেজরিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির
জাতীয়

আজ সশস্ত্র বাহিনী দিবস: প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

Daily Morning Times ডেস্ক Published: November 21, 2026, 8:18 PM

একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্যসংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলের ওপর। সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ঝাঁক, সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নজরদারি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরাসরি সেনা মোতায়েনের আগেই শুরু হচ্ছে তথ্য ও প্রযুক্তির লড়াই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতেও আধুনিক যুদ্ধের এই পরিবর্তন স্পষ্ট হয়েছে। এমন বাস্তবতায় বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা সামনে এসেছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা, সমুদ্রসীমায় নজরদারি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিবসটি উদযাপিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনটি স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা। অন্যদিকে, এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দিনটিকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন হিসেবে উল্লেখ করেছেন।

আইএসপিআর জানিয়েছে, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়া তিন বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকেরা উপস্থিত থাকবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ঢাকার বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সরকারের পরিকল্পনার মধ্যে অন্যতম হলো তিন বাহিনীর আধুনিকায়ন। গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আগামী এক দশকে সেনাবাহিনীর আধুনিকায়নে প্রায় ৮৬ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল ও সাবমেরিন সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথাও জানানো হয়েছে। এসব পরিকল্পনায় শুধু সামরিক সরঞ্জাম সংগ্রহ নয়, প্রযুক্তিগত সক্ষমতা অর্জনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তানীতি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশে ড্রোন উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সমুদ্রসীমায় নজরদারি এবং পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়ার সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিদেশের ওপর নির্ভরতা কমাতে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সোমবার যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিএন্ডএস) কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *