Thursday, November 26, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটিফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসীঅনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবেশেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকাভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণাপুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারনতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক!ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ
শিক্ষা ও চাকরি

ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমতে পারে ৮০%

Daily Morning Times ডেস্ক Published: November 27, 2026, 1:57 AM

ফেলে দেওয়া ব্যবহৃত চা-পাতা প্রক্রিয়াজাত করে শিল্পকারখানার বর্জ্যপানি থেকে বিষাক্ত ক্রোমিয়াম অপসারণের সম্ভাবনা দেখিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একদল গবেষক। তাঁদের পরীক্ষায় দেখা গেছে, ক্ষারীয় দ্রবণ দিয়ে প্রক্রিয়াজাত চা-পাতা মাত্র ৬০ মিনিটে বর্জ্যপানি থেকে ৯৫ দশমিক ৮৫ শতাংশ পর্যন্ত হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম অপসারণ করতে পারে। গবেষকদের হিসাবে, এ পদ্ধতি বাণিজ্যিক শোষক উপাদানের তুলনায় ব্যয় কমানোর সম্ভাবনা তৈরি করেছে।

গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জার্নাল অব মলিকিউলার লিকুইডস’-এ প্রকাশিত হয়েছে। এতে যৌথভাবে কাজ করেছেন মোহাম্মদ মাহবুব কবির, স্নিগ্ধা সেতু পাল মৌন, মোহাম্মদ মহিনুজ্জামান, সামিয়া আক্তার, শাহজালাল খন্দকার, মো. দিদারুল আলম, নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, মো. আমিনুল ইসলাম এবং এম. এ. শেনাশেন।

দেশের তৈরি পোশাক, বস্ত্র ও চামড়া শিল্পে উৎপন্ন বর্জ্যপানিতে ক্রোমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু ও ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। যথাযথ শোধন ছাড়া এসব বর্জ্য নদী, খাল ও জলাশয়ে মিশলে পানি ও মাটিদূষণের পাশাপাশি জলজ প্রাণী ও উদ্ভিদের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়ে। অন্যদিকে আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপন ও পরিচালনার ব্যয় অনেক শিল্পপ্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ।

গবেষণায় ব্যবহৃত চা-পাতা প্রথমে ধুয়ে, শুকিয়ে ও গুঁড়া করা হয়। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো ক্ষারীয় দ্রবণ দিয়ে প্রক্রিয়াজাত করে এর শোষণক্ষমতা বাড়ানো হয়। গবেষকেরা অপরিশোধিত ও ক্ষার দিয়ে প্রক্রিয়াজাত চা-পাতা ব্যবহার করে পরীক্ষাগারে ক্রোমিয়াম অপসারণের সক্ষমতা যাচাই করেন।

পরীক্ষায় দেখা যায়, অপরিশোধিত চা-পাতা ৬০ মিনিটে ৮৩ দশমিক ৯০ শতাংশ ক্রোমিয়াম অপসারণ করতে পারে। একই সময়ে ক্ষার দিয়ে প্রক্রিয়াজাত চা-পাতা অপসারণ করতে পারে ৯৫ দশমিক ৮৫ শতাংশ। প্রক্রিয়াজাত উপাদানটির সর্বোচ্চ শোষণক্ষমতা পাওয়া গেছে প্রতি গ্রামে ১৫৮ দশমিক ৭৩ মিলিগ্রাম।

গবেষণায় আরও উঠে এসেছে, অম্লীয় পরিবেশে চা-পাতার জৈব কাঠামোয় থাকা হাইড্রোক্সিল ও কার্বক্সিল গ্রুপ ক্রোমেট ও ডাইক্রোমেট আয়ন শোষণে ভূমিকা রাখে। এ ছাড়া চা-পাতার জৈব উপাদানের প্রভাবে অধিক বিষাক্ত হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম অপেক্ষাকৃত কম বিষাক্ত ট্রাইভ্যালেন্ট ক্রোমিয়ামে রূপান্তরিত হওয়ার সম্ভাবনাও দেখা গেছে।

ব্যবহারের পর নাইট্রিক অ্যাসিড দিয়ে উপাদানটি পুনরায় ব্যবহারের উপযোগী করার সম্ভাবনাও গবেষকেরা পরীক্ষা করেছেন। এতে ব্যয়বহুল সক্রিয় কার্বনের বিকল্প হিসেবে ফেলে দেওয়া চা-পাতা থেকে তৈরি শোষক উপাদান ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

গবেষণায় প্রচলিত রাসায়নিক পদ্ধতি ও আমদানিকৃত সক্রিয় কার্বনের সঙ্গে সম্ভাব্য ব্যয়ের তুলনাও তুলে ধরা হয়েছে। গবেষণার হিসাব অনুযায়ী, প্রচলিত রাসায়নিক পদ্ধতিতে প্রতি কেজি ক্রোমিয়াম পরিশোধনে প্রায় ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ হতে পারে। অন্যদিকে আমদানিকৃত সক্রিয় কার্বন ব্যবহার করলে শুধু শোষক উপাদানের পেছনেই ব্যয় হতে পারে ২ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা।

প্রতি গ্রামে ১৫৮ দশমিক ৭৩ মিলিগ্রাম শোষণক্ষমতা বিবেচনায় এক কেজি ক্রোমিয়াম শোষণে প্রায় ৬ দশমিক ৩ কেজি প্রক্রিয়াজাত চা-পাতা প্রয়োজন হবে। তবে গবেষণাটি এখনো পরীক্ষাগার পর্যায়ে রয়েছে। তাই শিল্পকারখানায় বড় পরিসরে প্রয়োগ, দীর্ঘমেয়াদি কার্যকারিতা এবং ব্যবহারের পর বর্জ্য উপাদান নিরাপদে ব্যবস্থাপনার বিষয়গুলো আরও পরীক্ষা করা প্রয়োজন।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *