Saturday, November 28, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
দেশজুড়ে ২৫০ টাকায় ৩০ দিনের ইন্টারনেট! সংযোগ নেবেন যেভাবেবঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী পাঁচ দিন যেমন থাকবে আবহাওয়াসরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট কী? মাসে ৩৯৯ টাকায় সংযোগ পাবেন যেভাবেআবার দুই লাখ ছাড়ালো স্বর্ণের ভরিনতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই নারাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আরইটিএনকে সরানোর নির্দেশ মার্কিন সরকারেরChatGPT দিয়ে এমন প্রফেশনাল ইমেইল লিখবেন যেভাবেনতুন বিমানবন্দরে ১০০ কিলোমিটারে নিষেধাজ্ঞা
জাতীয়

নতুন বিমানবন্দরে ১০০ কিলোমিটারে নিষেধাজ্ঞা

Daily Morning Times ডেস্ক Published: November 28, 2026, 4:11 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে সোমবার কনসোর্টিয়ামের সঙ্গে সরকারের চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তির মেয়াদ হবে ১৫ বছর।

চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। তবে নতুন বিমানবন্দর নির্মাণ বা নির্মাণকাজ এবং সামরিক স্থাপনা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে পরিচালিত হবে তৃতীয় টার্মিনাল। সরকারের পক্ষে দায়িত্ব পালন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অন্যদিকে বেসরকারি অংশীদার হিসেবে থাকবে জাপানের চারটি প্রতিষ্ঠান—সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নিপ্পন কোয়েই ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।

চুক্তি অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে জাপানি অপারেটর। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। অর্থাৎ এককালীন অর্থের পরিমাণ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।

রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও কয়েকটি ধাপ রাখা হয়েছে। প্রথম আট মাস সরকার কোনো আয় পাবে না। পরবর্তী ছয় মাস রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আন্তর্জাতিক যাত্রীপ্রতি ২ দশমিক ১০ ডলার এবং কার্গো আয় থেকে ২৭ শতাংশ পাবে সরকার। অন্যদিকে বোর্ডিং ব্রিজ, দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের এমবারকেশন ফি দিতে হবে ১২ দশমিক ৫০ ডলার বা প্রায় ১ হাজার ৫৬০ টাকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এই ফি ৫০০ টাকা। ফলে নতুন টার্মিনালে যাত্রীদের এ খাতে ব্যয় প্রায় তিন গুণ বাড়বে।

বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান মনে করেন, এমবারকেশন ফি বাড়লে শেষ পর্যন্ত যাত্রীদের ভ্রমণ খরচের ওপরই এর প্রভাব পড়বে। এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফের মতে, এ ধরনের ফি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন। তাঁর দাবি, ফি বাড়ানোর বিষয়ে এয়ারলাইনসগুলো কোনো আলোচনা হয়েছে বলে জানে না।

এদিকে তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের জন্য দ্বিতীয় অপারেটর নিয়োগ দেবে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরু হতে পারে। ধাপে ধাপে ফ্লাইট বাড়িয়ে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে দাঁড়াবে।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *