Friday, November 27, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবেডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রীন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবেআসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবেস্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি, বেতন ১ লাখের বেশিখেজুরের রস পান করছেন? নিপাহ ভাইরাস থেকে বাঁচতে জানুন জরুরি নিয়মআপনার NID দিয়ে কয়টি সিম নিবন্ধিত? ঘরে বসেই জেনে নিন যেভাবেএআই যুগে সফটওয়্যারের মান নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন
সারাদেশ

ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী

Daily Morning Times ডেস্ক Published: November 27, 2026, 3:00 AM

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তোবগী ইউনিয়নের ফকিরকান্দি গ্রামের সরদারবাড়িতে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে ফিরেছেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির। বিয়ের পর ব্যতিক্রমী এই আয়োজনে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করেন শত শত গ্রামবাসী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে গ্রামে পৌঁছান শাহিন। গ্রামের একটি ধানখেতের পাশে আগে থেকেই তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় তাঁদের স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা।

শাহিন ফকিরের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার তোবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সরদারবাড়িতে। তাঁর বাবার নাম মো. সিরাজ ফকির। গত সাত বছর ধরে তিনি ফ্রান্সে বসবাস করছেন।

শাহিনের ভাষ্য, ছোটবেলা থেকেই নামের শেষে ‘ফকির’ পদবি থাকায় তাঁকে নানা কটূক্তি ও উপহাসের মুখে পড়তে হয়েছে। তখন থেকেই তাঁর মনে ইচ্ছা ছিল, একদিন এমন কিছু করবেন, যাতে তাঁকে দেখতে মানুষ ভিড় করেন। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে গ্রামে আনার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি।

শাহিন বলেন, “বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।”

তিনি জানান, নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পাশাপাশি মা-বাবার ইচ্ছা পূরণ করতেও এই আয়োজন করেছেন। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছিল।

হেলিকপ্টারে নববধূকে নিয়ে আসার প্রস্তুতি নিতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে। এ সময় ধানখেতের পাশে হেলিপ্যাড তৈরি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা, গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো, বাড়িঘর পরিষ্কার এবং চলাচলের রাস্তা সংস্কারের কাজ করা হয়।

এর আগে ঢাকার চট্টগ্রাম রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্ণক টাওয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে সেখান থেকেই নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে ফেরেন শাহিন।

এদিকে ব্যতিক্রমী এই আয়োজনে খুশি স্থানীয় বাসিন্দারা। নবদম্পতিকে দেখতে আসা গ্রামবাসীরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *