Wednesday, November 25, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে?সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহজীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট, বাড়বে কি লোডশেডিং?স্বর্ণের দামে ফের বড় পতনডাউনলোড স্পিড বেশি কিন্তু আপলোড কম কেন? সমাধান জানুনGPON ও EPON-এর পার্থক্য কী? কোন ব্রডব্যান্ড প্রযুক্তি ভালো?ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা
আন্তর্জাতিক

গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসাও বন্ধ, ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার তদন্ত চায় অ্যামনেস্টি

Daily Morning Times ডেস্ক Published: November 25, 2026, 11:01 PM

গাজায় নারীদের সন্তান ধারণ ও নিরাপদে সন্তান জন্মদানের সুযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, ইসরাইলের সামরিক অভিযান, মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ এবং চিকিৎসাসেবার অবকাঠামো ধ্বংসের কারণে গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। একই সঙ্গে ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গণহত্যার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে অ্যামনেস্টি। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত গাজায় যুদ্ধের কারণে নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং প্রজননক্ষমতার ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা প্রতিবেদনে বিশদভাবে তুলে ধরা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরাইলের কর্মকাণ্ডের কারণে গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি গর্ভাবস্থায় নানা জটিলতা বেড়েছে, যার মধ্যে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিস্থিতির পেছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। তবে সন্তান জন্মদান বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে—এমন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো অবস্থানে নেই বলে জানিয়েছে সংস্থাটি।

অ্যামনেস্টির এ অভিযোগের জবাবে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকা সংস্থা কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ বা কোগাট অভিযোগটিকে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির দাবি, অ্যামনেস্টি হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করছে। তাদের ভাষ্য, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসাসামগ্রী ও ওষুধ প্রবেশ করেছে। এ ছাড়া সেখানে ৩৫টি হাসপাতাল চালু রয়েছে, যেখানে নারীদের স্বাস্থ্যসেবা ও বন্ধ্যাত্বের চিকিৎসার সুবিধাও রয়েছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চিকিৎসাসেবা নিতে গিয়ে কিংবা প্রসূতি ওয়ার্ডে অবস্থানকালে ইসরাইলি হামলায় অনেক নারী ও কিশোরী নিহত বা আহত হয়েছেন। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেও অনেক নারী আহত অবস্থায় গর্ভাবস্থা পার করেছেন এবং কেউ কেউ নবজাতক শিশুর দেখাশোনা করেছেন।

সংস্থাটির মতে, চিকিৎসাসামগ্রীর সংকটের কারণে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর চিকিৎসা এবং গর্ভকালীন জটিলতা শনাক্ত করার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ওষুধ, অবেদনকারী ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর অভাবে অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব সংকটের জন্য মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বিধিনিষেধকে দায়ী করেছে অ্যামনেস্টি।

প্রতিবেদনের এসব পর্যবেক্ষণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছেন অ্যাগনেস ক্যালামার্ড। একই সঙ্গে আদালতের তদন্তে লিঙ্গভিত্তিক অপরাধ এবং প্রজননস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান বন্ধ বা বাধাগ্রস্ত করার পদক্ষেপ গণহত্যার একটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য প্রমাণ করা গুরুত্বপূর্ণ।

প্রতিবেদন তৈরির জন্য ২২৮টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে দুজন প্যারামেডিক ২০২৬ সালের শুরুর দিকে ঘটে যাওয়া দুটি ঘটনার কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিতকারী তথাকথিত ‘ইয়েলো লাইন’ থেকে কয়েক শ মিটার দূরে সন্তান জন্মদানের অপেক্ষায় থাকা এক নারী এবং তাঁকে হাসপাতালে নিতে পাঠানো অ্যাম্বুলেন্স গুলির মুখে পড়ে।

প্রতিবেদনে ২০২৫ সালে মারা যাওয়া ২০ দিন বয়সী এক শিশুর ঘটনাও উল্লেখ করা হয়েছে। অসুস্থ আরেক শিশুর সঙ্গে একই ইনকিউবেটরে থাকার পর সংক্রমণে শিশুটির মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি হামাসের অধীনে পরিচালিত হলেও তাদের প্রকাশিত পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে সেখানে জীবিত শিশুর জন্মের সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ কমেছে। জাতিসংঘের তথ্যেও ২০২৬ সালের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সন্তান প্রসবের সংখ্যা কমার চিত্র উঠে এসেছে।

অ্যামনেস্টি জানিয়েছে, গাজার হাসপাতালগুলো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করেছে—এমন কিছু প্রমাণ তারা পেয়েছে। বিশেষ করে জিম্মিদের আটকে রাখা কিংবা ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ক্ষেত্রে হাসপাতাল ব্যবহারের তথ্য রয়েছে। তবে হাসপাতালগুলো হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো—ইসরাইলের এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি সংস্থাটি।

যুদ্ধ শুরুর আগে গাজায় ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণের চিকিৎসা দেওয়া হতো এমন অন্তত নয়টি ক্লিনিক ছিল। কিন্তু বর্তমানে এসব ক্লিনিকের কোনোটিতেই এ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে অ্যামনেস্টি। সংস্থাটির দাবি, ক্লিনিকগুলোতে সংরক্ষিত হাজার হাজার ভ্রূণ, শুক্রাণু ও ডিম্বাণু ধ্বংস হয়ে গেছে।

সূত্রঃ BSS NEWS

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *